বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে ফ্রান্সের বিদায় নেওয়ার পর কয়েকটি শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ম্যাচ শেষে প্যারিস ও লিওঁসহ বিভিন্ন স্থানে সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই শহর মিলিয়ে ১৬০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভির তথ্য অনুযায়ী, শুধু প্যারিসেই আটক করা হয়েছে ১৪১ জনকে।
পুলিশ জানিয়েছে, অধিকাংশ গ্রেপ্তারের কারণ ছিল পুলিশ সদস্য ও জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে আতশবাজির মর্টার নিক্ষেপ। তবে এসব ঘটনায় গুরুতর আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
লিওঁর প্লাস বেলকুর চত্বরে বড় পর্দায় ম্যাচ দেখছিলেন শত শত সমর্থক। খেলা শেষে কয়েকটি দল নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে বিভিন্ন বস্তু ও আতশবাজি নিক্ষেপ শুরু করলে পুলিশ অভিযান চালায়। সেখানে প্রায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানে কোনো গুরুতর আহত বা বড় ধরনের সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
সূত্র: বিএফএমটিভি
মন্তব্যসমূহ