২০২৬ বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে লিওনেল মেসিদের পেরোতে হবে শক্তিশালী থ্রি লায়ন্সদের বাধা।
বিশ্বকাপের ইতিহাসে এর আগে পাঁচবার মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে ইংল্যান্ডের জয় তিনটি, আর আর্জেন্টিনা জিতেছে দুটি ম্যাচে। তবে দুই দলের লড়াইয়ে রয়েছে ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়।
১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের জয় আজও আলোচিত। ওই ম্যাচে দিয়েগো ম্যারাডোনা করেছিলেন বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোল এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’।
সাম্প্রতিক পরিসংখ্যানেও এগিয়ে রয়েছে ইংল্যান্ড। ১৯৮৬ সালের পর বিশ্বকাপে নির্ধারিত সময়ে আর্জেন্টিনার কাছে আর হারেনি থ্রি লায়ন্সরা।
তবে সুপার কম্পিউটার অপ্টার হিসাবেও এগিয়ে রাখা হয়েছে ইংল্যান্ডকে। তাদের সিমুলেশন অনুযায়ী, ফাইনালে ওঠার সম্ভাবনায় ইংল্যান্ড এগিয়ে আছে ৫১.৯ শতাংশ। নির্ধারিত সময়ে তাদের জয়ের সম্ভাবনা ৩৮.২ শতাংশ।
অন্যদিকে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৩২ শতাংশ এবং ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ২৯.৭ শতাংশ। ড্র হলে ম্যাচ গড়াতে পারে অতিরিক্ত সময় ও টাইব্রেকারে।
বিশ্বকাপে এটি দুই দলের ষষ্ঠ সাক্ষাৎ। ঐতিহ্য, ইতিহাস ও প্রতিদ্বন্দ্বিতার কারণে এই ম্যাচকে ফুটবলের অন্যতম বড় দ্বৈরথ হিসেবে দেখা হচ্ছে।
পরিসংখ্যান ইংল্যান্ডকে সামান্য এগিয়ে রাখলেও মাঠের পারফরম্যান্সই শেষ পর্যন্ত নির্ধারণ করবে ফাইনালের ভাগ্য।
মন্তব্যসমূহ