গণতন্ত্রে বাংলাদেশের প্রত্যাবর্তনের পর দুই দেশের সম্পর্ক নতুন গতি পেয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে।
ফ্রান্সের বাস্তিল দিবস উপলক্ষে মঙ্গলবার ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি, জলবায়ু ও কৌশলগত সহযোগিতায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও বিস্তৃত করতে চায় ফ্রান্স।
ফ্রান্স দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
রাষ্ট্রদূত বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হওয়ায় বাংলাদেশ আবার গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর কাতারে ফিরেছে। বাংলাদেশের জনগণের গণতন্ত্রের প্রতি অঙ্গীকারকে তিনি প্রশংসা করেন।
তিনি জানান, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাকে বাংলাদেশে পাঠিয়েছেন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী ও বহুমাত্রিক করার দায়িত্ব দিয়ে।
জ্যঁ-মার্ক সেরে-শার্লে বলেন, ফ্রান্স ব্যবসায়ী, শিক্ষার্থী, গবেষক ও শিল্পীদের মধ্যে যোগাযোগ বাড়াতে আগ্রহী।
তিনি জানান, বাংলাদেশের উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা তৈরিতে ফরাসি উন্নয়ন সংস্থা ২০১২ সাল থেকে প্রায় ২০০ কোটি ইউরো ঋণ দিয়েছে। এর বড় অংশ জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যয় করা হচ্ছে।
সূত্র: বাসস
মন্তব্যসমূহ