ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার করে সংঘবদ্ধ অপরাধী চক্রের মানব পাচার এবং অভিবাসী চোরাচালান ঠেকাতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ বিষয়ক জাতীয় অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধী চক্রের পরিবর্তনশীল কৌশলের সঙ্গে তাল মিলিয়ে দেশের আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে।
তিনি বলেন, নতুন আইন মানব পাচার ও অভিবাসী চোরাচালানকে পৃথক অপরাধ হিসেবে চিহ্নিত করেছে। পাশাপাশি তদন্ত ও বিচার কার্যক্রম শক্তিশালী করা, ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, আইনটির সফল বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ, উন্নয়ন সহযোগী ও নাগরিক সমাজের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব, ব্রিটিশ হাইকমিশনার, মার্কিন রাষ্ট্রদূত, পুলিশ, বিজিবি, কোস্ট গার্ডসহ বিভিন্ন সরকারি ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস
মন্তব্যসমূহ