হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী পণ্যবাহী জাহাজের ওপর ২০ শতাংশ ফি আরোপের পরিকল্পনা থেকে সরে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সময়ে ইরানের বন্দরগুলোতে নতুন করে নৌ অবরোধ শুরু করেছে যুক্তরাষ্ট্র।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ফি আরোপের পরিবর্তে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বড় ধরনের বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির মাধ্যমে সুবিধা নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ২০ শতাংশ ‘যুক্তরাষ্ট্র রিইমবার্সমেন্ট ফি’-এর পরিবর্তে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তিকে গুরুত্ব দেওয়া হবে।
এর কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় নতুন করে অভিযান শুরু হয়েছে। মার্কিন দাবি, বাণিজ্যিক জাহাজে হামলার সক্ষমতা কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেড়ে যায়।
ইরানের অভিযোগ, হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করছে। দেশটি জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন অবরোধের সিদ্ধান্ত দুই দেশের মধ্যে হওয়া সমঝোতার পরিপন্থী।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে আগে বৈশ্বিক অপরিশোধিত তেলের বড় অংশ এবং উল্লেখযোগ্য পরিমাণ এলএনজি পরিবহন করা হতো। চলমান উত্তেজনার কারণে এই নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: বিবিসি
মন্তব্যসমূহ