যুক্তরাষ্ট্র তাদের ‘আগ্রাসী কর্মকাণ্ড’ বন্ধ না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
একই সঙ্গে তেল ও গ্যাস রপ্তানির জন্য ব্যবহৃত এ অঞ্চলের অন্য গুরুত্বপূর্ণ পথগুলোও লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করেছে ইরানের এই সামরিক বাহিনী।
গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বেড়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানিয়েছে, ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার পর আইআরজিসি বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, হরমুজ প্রণালির পাশাপাশি তেল ও গ্যাস পরিবহনের সঙ্গে যুক্ত অন্যান্য পথও ঝুঁকির মুখে পড়তে পারে। তবে কোন কোন পথ লক্ষ্যবস্তু হতে পারে, তা স্পষ্ট করেনি তারা।
বিবৃতিতে বলা হয়, এই অঞ্চল থেকে তেল ও গ্যাস রপ্তানি সবার জন্য উন্মুক্ত থাকবে অথবা কারও জন্যই থাকবে না।
আইআরজিসি আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের সামরিক কর্মকাণ্ড বন্ধ না করা পর্যন্ত প্রতিশোধমূলক অভিযান চলবে এবং হরমুজ প্রণালি বন্ধ থাকবে।
তবে মার্কিন কর্মকর্তারা ইরানের এই দাবিকে প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, আন্তর্জাতিক নৌপথ এখনো উন্মুক্ত রয়েছে এবং কোনো দেশ এককভাবে এর নিয়ন্ত্রণ নিতে পারে না।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হওয়ায় হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বাজারেও উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: বাসস
মন্তব্যসমূহ