ইরানের বিরুদ্ধে নতুন দফায় বিমান ও নৌ অভিযান চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালীর আশপাশ এবং ইরানের উপকূলীয় এলাকায় কয়েক ডজন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।
সেন্টকমের বিবৃতি অনুযায়ী, সোমবার (১৪ জুলাই) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১০টায় অভিযান শুরু হয়, যা প্রায় সাত ঘণ্টা ধরে চলে। এতে মার্কিন যুদ্ধবিমান, সশস্ত্র ড্রোন এবং নৌবাহিনীর যুদ্ধজাহাজ অংশ নেয়।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, নৌ সক্ষমতা এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করা হয়েছে। তবে হামলায় কতটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বা হতাহতের কোনো তথ্য প্রকাশ করেনি ওয়াশিংটন।
সেন্টকমের দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক নৌপথে সম্ভাব্য হুমকি কমানোই এই অভিযানের উদ্দেশ্য।
একই সঙ্গে ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় যাতায়াতকারী জাহাজের ওপর নতুন করে নৌ অবরোধ কার্যকর করার কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর ভাষ্য, সোমবার বিকেল থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এই অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজার, বাণিজ্যিক জাহাজ চলাচল এবং সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের এই অভিযানের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
মন্তব্যসমূহ