শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করেছেন চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী শিক্ষা বোর্ড প্রাঙ্গণে প্রবেশ করে বিক্ষোভ শুরু করেন।
এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ নিজেদের তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামীম আরা চৌধুরীর কাছে স্মারকলিপি জমা দেয়।
স্মারকলিপি দেওয়ার পর শিক্ষার্থীরা স্লোগান দেওয়া বন্ধ করলেও শিক্ষা বোর্ড প্রাঙ্গণে তাদের অবস্থান অব্যাহত রাখেন। দুপুর দেড়টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিলেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিক্ষা বোর্ডের প্রধান ফটকের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।
এ বিষয়ে বক্তব্য জানতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামীম আরা চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল গ্রহণ করেননি।
মন্তব্যসমূহ