টানা বৃষ্টির পর ঢাকায় দেখা মিলল সূর্যের
কয়েক দিনের টানা বৃষ্টির পর মঙ্গলবার সকালে রাজধানীর আকাশে সূর্যের দেখা মিলেছে। তবে দিনের বিভিন্ন সময়ে আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঢাকা ও আশপাশের এলাকার ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।
এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এতে গরমের অনুভূতিও কিছুটা বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ।
সোমবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ২০ মিনিটে।














মন্তব্যসমূহ