বন্যাকবলিত ১১ জেলায় নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করেছে সরকার। সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, বন্যাদুর্গত মানুষের চিকিৎসা ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। আক্রান্ত এলাকাগুলোর হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে সেবা চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, এখন পর্যন্ত সাপের কামড়ে আক্রান্ত ৯৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। বন্যাকবলিত এলাকায় সাপের কামড়ের ঝুঁকি বেড়ে যাওয়ায় প্রয়োজনীয় অ্যান্টিভেনম বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হচ্ছে।
তিনি আরও বলেন, বন্যাদুর্গত অঞ্চলগুলোতে এখন পর্যন্ত কলেরা আক্রান্ত কোনো রোগীর তথ্য পাওয়া যায়নি। তবে পানিবাহিত রোগের বিস্তার ঠেকাতে স্বাস্থ্য বিভাগ সতর্ক রয়েছে।
আদ্-দ্বীন হাসপাতাল সম্পর্কে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন বিষয়ে সংস্কার কার্যক্রম চালাচ্ছে। সংস্কারকাজ শেষ হলে হাসপাতালটি আবার পরিদর্শন করা হবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্তব্যসমূহ