ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে ২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার স্ত্রী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠানের অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে একটি অর্জুন ও একটি নিমগাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান। পরে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।
এ সময় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মীর সারওয়ার হোসেন চৌধুরী ঢাকা মেডিকেল কলেজে দুটি ছাত্রীনিবাস নির্মাণ প্রকল্পের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। শিক্ষার্থীদের জন্য নির্মাণাধীন আবাসিক ভবনগুলোর সুযোগ-সুবিধা সম্পর্কেও বিস্তারিত জানতে চান প্রধানমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মোহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দীন হায়দার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানসহ স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসক নেতারা উপস্থিত ছিলেন।
১৯৪৬ সালের ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজের যাত্রা শুরু হয়। চলতি বছর প্রতিষ্ঠানটি ৮০ বছর পূর্ণ করে ৮১তম বর্ষে পদার্পণ করেছে। প্রতিষ্ঠার স্মরণে প্রতিবছর ‘ডিএমসি ডে’ উদ্যাপন করা হয়।
সূত্র: ইউএনবি
মন্তব্যসমূহ