২৪ ঘণ্টার ব্যবধানে মিয়ানমারে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। সর্বশেষ শনিবার (১১ জুলাই) ভোররাতে দেশটিতে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, ভূমিকম্পটি ভারতীয় সময় রাত ১২টা ২০ মিনিট ৪৯ সেকেন্ডে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৯০ কিলোমিটার গভীরে।
এর আগে শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে মিয়ানমারে ৪ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়। ওই কম্পনের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০০ কিলোমিটার গভীরে।
দুই দফা ভূমিকম্পে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পবিদদের মতে, মিয়ানমার ভারতীয়, ইউরেশীয়, সুন্দা ও বার্মা টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। সক্রিয় সাগাইং ফল্ট দেশটির মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় সেখানে মাঝারি ও শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকি বেশি।
সূত্র: এএনআই
মন্তব্যসমূহ