যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সামরিক সংঘাতের পাশাপাশি ইরানের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দেশের উৎপাদনব্যবস্থা সচল রাখা এবং সাধারণ জনগণের জীবন-জীবিকা নিশ্চিত করা—এমন মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গালিবাফ বলেন, ‘মূল্যস্ফীতি, বেকারত্ব ও পণ্যের দামের অস্থিরতা বা ওঠানামার মতো জটিল সমস্যার সমাধান শুধু বক্তৃতা কিংবা কোনো দাপ্তরিক নির্দেশনা জারির মাধ্যমে সম্ভব নয়।’ তিনি আরও বলেন, আট মাসের বেশি সময় ধরে ইতিহাসের অন্যতম বড় যুদ্ধের মুখে যে জনগণ অবিচল প্রতিরোধ চালিয়ে যাচ্ছে, তাদের অর্থনৈতিক ও সার্বিক সুরক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। উল্লেখ্য, দীর্ঘ কয়েক বছর ধরেই উচ্চ মূল্যস্ফীতি ও বিনিয়োগে লোকসানের মতো গভীর অর্থনৈতিক সংকটে ভুগছে ইরান। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধে দেশটির অর্থনীতির মূল চালিকাশক্তি তেল ও গ্যাস খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়ায় সেই সংকট আরও জটিল আকার ধারণ করেছে। ইরান সরকারের সাম্প্রতিক অর্থনৈতিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি ফারসি বর্ষপঞ্জির প্রথম প্রান্তিকে (২১ মার্চ থেকে ২০ জুন) আগের বছরের একই সময়ের তুলনায় দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১০ দশমিক ১ শতাংশ সংকুচিত হয়েছে বা কমেছে। পরিসংখ্যানের এই চিত্র দেশটির অর্থনীতিতে বড় ধরনের মন্দা ও সংকোচনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি