জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের হতাশার মধ্যেই আরও একটি দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ধীরগতির ওভার-রেটের কারণে পুরো দলকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং ইনিংস শেষ করতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় দুই ওভার পিছিয়ে থাকায় দলের সব খেলোয়াড়ের ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ম্যাচ শেষে আইসিসির ম্যাচ রেফারি প্যানেলের সদস্য ডেভিড গিলবার্ট এই শাস্তি ঘোষণা করেন। আইসিসির আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে পিছিয়ে থাকা প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়।
বাংলাদেশ দুই ওভার পিছিয়ে থাকায় সেই নিয়ম অনুযায়ী ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অভিযোগ স্বীকার করে প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
মাঠের পারফরম্যান্সেও হতাশ করেছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী দ্বিতীয় ওয়ানডেতে ১৩ রানে হেরে সিরিজ হাতছাড়া করে টাইগাররা। এর আগে প্রথম ম্যাচেও জিম্বাবুয়েকে ১৪১ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাটিং ব্যর্থতায় ২৫ রানে হেরেছিল সফরকারীরা।
মন্তব্যসমূহ