আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে অর্থনীতির শ্বেতপত্রের তথ্য তুলে ধরেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দীর্ঘদিনের দুর্নীতি, অর্থপাচার এবং সুশাসনের অভাবে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে, যার মূল্য দিতে হয়েছে সাধারণ মানুষকে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রপতি। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে আর্থিক খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
রাষ্ট্রপতি জানান, ২০২৪ সালে প্রকাশিত বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্র অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশ থেকে আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে চলে গেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৮ লাখ কোটি টাকা।
শ্বেতপত্রের হিসাব তুলে ধরে তিনি বলেন, ওই সময়ে প্রতিবছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে। এই অর্থের পরিমাণ বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় সাড়ে ৩ শতাংশের সমান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগের স্বৈরাচারী শাসনামলে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছে। ১৫ বছরের বেশি সময়ে আর্থিক ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতির বিস্তার ঘটে। ফলে দেশের অর্থনীতি দুর্নীতির দুষ্টচক্রের মধ্যে পড়ে যায়।
ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি জানান, ২০২৬ সালের জুন শেষে দেশের ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা। এটি ব্যাংকিং খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ।
তাঁর মতে, ব্যাংকিং খাতের প্রকৃত আর্থিক পরিস্থিতি বুঝতে হলে ঋণের শ্রেণিকরণে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। খেলাপি ঋণের প্রকৃত তথ্য আড়াল করা হলে আর্থিক খাতের সংকট যথাযথভাবে চিহ্নিত করা কঠিন হয়ে পড়বে।
এ পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, অর্থপাচার প্রতিরোধ, ব্যাংকিং খাতের জালিয়াতি বন্ধ এবং বিদেশে পাচার হওয়া অর্থ আইনসম্মত প্রক্রিয়ায় ফেরত আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
রাষ্ট্রপতি বলেন, দেশের আর্থিক খাতে মানুষের আস্থা ফিরিয়ে আনতে নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন নিশ্চিত করা প্রয়োজন। ব্যাংকিং খাতের পাশাপাশি পুঁজিবাজারকে শক্তিশালী করা এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রেও আন্তর্জাতিক মানের হিসাব ও নিরীক্ষাব্যবস্থা গুরুত্বপূর্ণ।
সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও ব্যয়ের হিসাবেও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। তাঁর মতে, রাষ্ট্রীয় সম্পদের ব্যবহার এবং সরকারি ব্যয়ের ক্ষেত্রে যথাযথ জবাবদিহি না থাকলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।
এ কারণে সরকারি খাতের আর্থিক প্রতিবেদন, হিসাব সংরক্ষণ এবং নিরীক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুসরণ করার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। পাশাপাশি আর্থিক তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে হিসাববিদদের দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
সম্মেলনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতার ঐতিহ্য নিয়েও কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অভিন্ন সমস্যা মোকাবিলার স্বপ্ন দেখেছিলেন। আঞ্চলিক সহযোগিতার সেই ধারণা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল।
রাষ্ট্রপতি স্মরণ করেন, ১৯৯১ সালে ঢাকায় সাফা সম্মেলনের উদ্বোধন করেছিলেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার হিসাববিদদের মধ্যে সহযোগিতার ঐতিহ্য আরও শক্তিশালী হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
বক্তব্যে দেশের আর্থিক খাত পুনর্গঠন, অর্থপাচার রোধ, খেলাপি ঋণের প্রকৃত চিত্র প্রকাশ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন রাষ্ট্রপতি। অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে স্বচ্ছ ও নির্ভরযোগ্য হিসাবব্যবস্থার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।














মন্তব্যসমূহ