বিমা খাতে ব্যাপক অনিয়ম এবং আমদানি বাণিজ্যে রাজস্ব ফাঁকির অভিযোগ তুলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাঁর অভিযোগ, কিছু বিমা কোম্পানি গ্রাহকের প্রাপ্য দাবি পরিশোধ না করে সেই অর্থ দিয়ে সম্পত্তি কিনছে এবং বিভিন্ন খাতে ব্যক্তিগত বিনিয়োগ করছে। আবার আমদানি কার্যক্রমে বিমার প্রিমিয়াম পরিশোধ না করে বিপুল অঙ্কের সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুর-২-এর বাংলাদেশ ব্যাংক ট্রেনিং অ্যাকাডেমিতে ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট (বার্তা)’ প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। লেনদেনসংক্রান্ত তথ্য তাৎক্ষণিকভাবে আদান-প্রদানের উদ্দেশ্যে তৈরি এই প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, দেশের ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও গুরুতর সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে গ্রাহকের বিমা দাবি নিষ্পত্তি না করে সেই অর্থ অন্য খাতে ব্যবহারের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
আমদানি বাণিজ্যে বিমার নামে কীভাবে অনিয়ম হচ্ছে, তার একটি উদাহরণও তুলে ধরেন আমির খসরু। তিনি জানান, আমদানির জন্য ঋণপত্র বা এলসি খোলার সময় ২০ লাখ টাকার বিমা প্রিমিয়ামের বিপরীতে একটি কাভারনোট নেওয়া হয়। কিন্তু পণ্য দেশে পৌঁছানোর পর সংশ্লিষ্ট প্রিমিয়াম পরিশোধ না করেই সেই কাভারনোট বাতিল করে দেওয়া হয়।
অর্থমন্ত্রীর অভিযোগ, বিমা কোম্পানির সঙ্গে যোগসাজশ করে এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে হাজার কোটি টাকার পণ্য আমদানি করা হচ্ছে। অথচ সরকার প্রাপ্য রাজস্ব পাচ্ছে না। বিমার প্রিমিয়ামও জমা হচ্ছে না। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ শেয়ারহোল্ডাররা।
এসব অনিয়ম বন্ধে উদ্যোগ নেওয়ার পর থেকেই প্রভাবশালী বিভিন্ন মহলের বাধার মুখে পড়তে হচ্ছে বলেও জানান তিনি।
বিমা খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক ও বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে এলসি, ব্যাক-টু-ব্যাক এলসি এবং বিমাসংক্রান্ত লেনদেনে অনিয়ম বন্ধে দুই প্রতিষ্ঠানের মধ্যে তথ্য আদান-প্রদানের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতি নিয়েও কথা বলেন অর্থমন্ত্রী। তাঁর মতে, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর অতীতে নিজেদের প্রয়োজন অনুযায়ী আলাদা ডিজিটাল প্রকল্প বাস্তবায়ন করেছে। কিন্তু এসব ব্যবস্থার মধ্যে কার্যকর সংযোগ না থাকায় তথ্য আদান-প্রদান এবং লেনদেন পর্যবেক্ষণে জটিলতা তৈরি হয়েছে।
এমনকি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিমা নিয়ন্ত্রক সংস্থা কিংবা পুঁজিবাজারের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর মধ্যেও প্রয়োজনীয় সমন্বিত তথ্যব্যবস্থা ছিল না বলে উল্লেখ করেন তিনি।
আমির খসরু বলেন, প্রকৃত অটোমেশন নিশ্চিত করতে হলে শুধু একটি প্রতিষ্ঠানের কার্যক্রম ডিজিটাল করলেই হবে না। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে রিয়েল-টাইম ইন্টার-অপারেবিলিটি বা তাৎক্ষণিক তথ্য বিনিময়ের ব্যবস্থা গড়ে তুলতে হবে।
এ কারণে এনবিআরের লেনদেনব্যবস্থার সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক, বিমা খাত এবং বন্দর ব্যবস্থাপনাকে যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে প্রতিটি লেনদেন পর্যবেক্ষণ, সময় সাশ্রয় এবং ব্যবসা পরিচালনার ব্যয় কমানোর লক্ষ্য রয়েছে।
অর্থমন্ত্রীর মতে, দেশের বিনিয়োগ পরিবেশ উন্নত করতে হলে ব্যবসার সামগ্রিক খরচ কমানো জরুরি। কোনো একটি খাতের ব্যয় কমিয়ে পুরো ব্যবসাব্যবস্থাকে প্রতিযোগিতামূলক করা সম্ভব নয়। এ জন্য উৎপাদন থেকে শুরু করে আমদানি, বন্দর, ব্যাংকিং ও রাজস্ব ব্যবস্থার মধ্যে সমন্বয় প্রয়োজন।
পুঁজিবাজারের লেনদেনেও স্বচ্ছতা আনতে সমন্বিত ডিজিটাল ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানান তিনি। এ ব্যবস্থায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, তালিকাভুক্ত কোম্পানি এবং ব্রোকারেজ হাউসগুলোকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তবে সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ফায়ারওয়াল রাখা হবে। ফলে অনুমোদন ছাড়া কেউ অন্য প্রতিষ্ঠানের তথ্য ব্যবহার করতে পারবে না।
অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, সমন্বিত তথ্যব্যবস্থা চালু হলে ব্রোকারদের কারসাজি, যোগসাজশ এবং গোপন লেনদেন বন্ধ করা সহজ হবে। একই সঙ্গে সরকারের রাজস্ব আদায় বাড়ানোর সুযোগ তৈরি হবে। বন্দর ব্যবস্থাপনাতেও একই ধরনের অটোমেশন ও আন্তঃসংযোগ চালুর কাজ চলছে বলে জানান তিনি।
সরকারের রাজস্ব আহরণের গুরুত্ব তুলে ধরে আমির খসরু বলেন, পর্যাপ্ত রাজস্ব সংগ্রহ করা না গেলে দেশের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে। এতে সমাজে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাজের প্রশংসা করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এখন বেশি কথা বলার পরিবর্তে বাস্তব কাজের মাধ্যমে পরিবর্তন আনা প্রয়োজন। গভর্নর সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তবে সংস্কার বাস্তবায়নে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি। ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ট অংশীজনদের সক্রিয় সহযোগিতা ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয়।
বিদেশি বিনিয়োগকারীদের অভিজ্ঞতা তুলে ধরে আমির খসরু জানান, জাপান ও কোরিয়া সফরের সময় বিনিয়োগকারীরা বারবার বাংলাদেশের এনবিআরসংক্রান্ত জটিলতার বিষয়টি সামনে আনেন। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের খোলামেলাভাবে কথা বলা এবং বাস্তব সমস্যা চিহ্নিত করা জরুরি।
তাঁর মতে, সরকার যতই আন্তরিকভাবে সংস্কার করতে চাইুক, অংশীজনেরা এগিয়ে না এলে উদ্যোগ সফল করা কঠিন। সব সমস্যার সমাধান সরকার একাই করে দেবে, এমন মানসিকতা থেকেও বেরিয়ে আসতে হবে।
প্রচলিত অপ্রয়োজনীয় অভ্যাস পরিবর্তনের প্রয়োজনীয়তা বোঝাতে অনুষ্ঠানে ফুল দেওয়ার বিষয়টিও উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি জানান, ফুল না দেওয়ার নির্দেশনা থাকার পরও অনুষ্ঠানে ফুল দেওয়া হয়েছে। এ ধরনের পুরোনো অভ্যাস পরিবর্তন করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ উন্নত করা এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনীয় যেকোনো কঠোর সিদ্ধান্ত নিতে প্রস্তুত রয়েছে।














মন্তব্যসমূহ