৫১তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষায় নিষিদ্ধ কোনো সামগ্রী নিয়ে প্রবেশ করলে প্রার্থিতা বাতিলের পাশাপাশি ভবিষ্যতে সরকারি কর্ম কমিশনের সব নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ হারাতে পারেন পরীক্ষার্থীরা। আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পরীক্ষা সামনে রেখে এমন কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টার এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধু ঢাকা কেন্দ্রের ২৫টি পরীক্ষার হল ও শিক্ষাপ্রতিষ্ঠানে এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা নেওয়া হবে।
পিএসসির যুগ্ম সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত নির্দেশনায় পরীক্ষার হলে প্রবেশ, নিষিদ্ধ সামগ্রী ও নিরাপত্তা তল্লাশির বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা মোবাইল ফোন, যেকোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ঘড়ি, ক্যালকুলেটর, বই-পুস্তক, ব্যাগ, চাবি, মানিব্যাগ, গয়না, ব্রেসলেট এবং ক্রেডিট বা ডেবিট কার্ডের মতো দেখতে কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না।
পরীক্ষার্থীদের এসব সামগ্রী ছাড়াই কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে। কারও কাছে নিষিদ্ধ কোনো জিনিস থাকলে তাঁকে পরীক্ষার হলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি হলের প্রবেশপথে বিশেষ তল্লাশির ব্যবস্থা থাকবে। সেখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে পরীক্ষার্থীদের প্রবেশপত্র যাচাই করা হবে।
একই সঙ্গে মেটাল ডিটেক্টর ব্যবহার করে মোবাইল ফোন, ঘড়ি ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের উপস্থিতি পরীক্ষা করা হবে। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও নিরাপত্তা তল্লাশি সম্পন্ন হওয়ার পরই পরীক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারবেন।
নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার বিষয়ে আগাম সতর্ক করতে পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএস পাঠানোর সিদ্ধান্তও জানিয়েছে পিএসসি। এসএমএসে দেওয়া নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
এ ছাড়া পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের উভয় কান খোলা রাখতে হবে। কানের ওপর কোনো ধরনের আবরণ ব্যবহার করা যাবে না। তবে যেসব পরীক্ষার্থীর শ্রবণ সমস্যার কারণে হিয়ারিং এইড প্রয়োজন, তাঁদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্রসহ পরীক্ষার আগেই কমিশনের অনুমোদন নিতে হবে।
পরীক্ষার হলে কারও কাছে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত করা হবে। একই সঙ্গে বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।
শুধু চলমান পরীক্ষার প্রার্থিতা বাতিলেই ব্যবস্থা সীমাবদ্ধ থাকবে না। সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে ভবিষ্যতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আয়োজিত সব ধরনের নিয়োগ পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা করা হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩-এর ১০, ১১, ১২, ১৩ ও ১৪ ধারার অধীনে কোনো অপরাধ সংঘটিত হলে কিংবা অপরাধে সহায়তার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট আইনের বিধান অনুযায়ী শাস্তির মুখোমুখি হতে হবে।
পরীক্ষা সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করতে সব পরীক্ষার্থীকে নির্ধারিত নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে পিএসসি।














মন্তব্যসমূহ