জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মিলন।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পৌঁছান প্রধানমন্ত্রী। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সম্মিলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এবারের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্চশিক্ষাকে যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার পাশাপাশি কলেজগুলোর প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার পরিবেশ উন্নত করাই এই সম্মিলনের প্রধান উদ্দেশ্য।
দেশের ৬৪টি জেলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের অংশগ্রহণে এ আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে বর্তমানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।
এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে শিক্ষার মান, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের বিষয়গুলো এবারের সম্মিলনে গুরুত্ব পাচ্ছে।
আয়োজকেরা জানান, সম্মিলনের মাধ্যমে কলেজ প্রশাসন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।
পাশাপাশি শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কলেজ পরিচালনায় সুশাসন প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের জন্য সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিষয়েও আলোচনা হবে।
প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ বাড়ানোর বিষয়টিও আয়োজনে গুরুত্ব পাচ্ছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের লক্ষ্য, অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে কর্মসংস্থানের উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা।
এ জন্য কলেজগুলোর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে অধ্যক্ষদের ভূমিকা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সম্মিলনের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর-২) অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
সম্মিলনে দেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা, কলেজগুলোর শিক্ষা কার্যক্রমে গতিশীলতা আনা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, অধ্যক্ষদের সক্রিয় অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রীর দিকনির্দেশনার মাধ্যমে অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ গ্রহণের সুযোগ তৈরি হবে।














মন্তব্যসমূহ