যুক্তরাজ্যে সংসদীয় কার্যক্রম, আইন প্রণয়ন ও জবাবদিহিব্যবস্থা নিয়ে বিভিন্ন বৈঠক ও অভিজ্ঞতা বিনিময় শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৭ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংসদ সচিবালয় জানায়, যুক্তরাজ্য সফরকালে ওয়েস্টমিনিস্টারে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন চিফ হুইপ। সেখানে সংসদ পরিচালনা, আইন প্রণয়নের বিভিন্ন ধাপ, সংসদীয় কমিটির কার্যক্রম এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করার পদ্ধতি নিয়ে আলোচনা করেন তিনি।
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদীয় ব্যবস্থার তুলনামূলক পর্যালোচনা। বিশেষ করে এককক্ষ ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদের কাঠামো, সংসদ সদস্যদের দায়িত্ব এবং বিল যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে অভিজ্ঞতা বিনিময় করা হয়।
যুক্তরাজ্যের হাউস অব কমন্সের ডেপুটি স্পিকারের সঙ্গেও বৈঠক করেন নূরুল ইসলাম মনি। বৈঠকে সংসদীয় অধিবেশন পরিচালনায় সভাপতির ভূমিকা, সংসদীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সদস্যদের অধিকার ও বিশেষাধিকার রক্ষার বিষয়গুলো গুরুত্ব পায়।
এ ছাড়া সংসদে বিতর্ক পরিচালনার নিয়ম, প্রশ্ন উত্থাপন, নোটিশ প্রদান, জরুরি বক্তব্য, প্রস্তাব ও রেজল্যুশন এবং পয়েন্ট অব অর্ডারসংক্রান্ত কার্যপদ্ধতি নিয়েও আলোচনা হয়।
সফরের অংশ হিসেবে হাউস অব কমন্সের কমিটি অন স্ট্যান্ডারসের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশের চিফ হুইপ। সেখানে সংসদ সদস্যদের আচরণবিধি, নৈতিকতা, বিশেষাধিকার এবং সংসদীয় কমিটির কার্যকারিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়।
যুক্তরাজ্যের সংসদীয় সিলেক্ট কমিটিগুলোর কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত ধারণা নেন তিনি। বিশেষ করে সরকারের বিভিন্ন কার্যক্রমের ওপর সংসদীয় নজরদারি, তথ্য ও সাক্ষ্য সংগ্রহ, প্রতিবেদন প্রস্তুত এবং সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়নের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।
যুক্তরাজ্য সফরকালে দেশটির পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার অধিবেশন পর্যবেক্ষণ করেন নূরুল ইসলাম মনি। পাশাপাশি হাউস অব কমন্সের একটি সংসদীয় কমিটির শুনানিও প্রত্যক্ষ করেন তিনি।
এ সময় যুক্তরাজ্য পার্লামেন্টের বাংলাদেশবিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন চিফ হুইপ।
সফরে সংসদ সদস্যদের কার্যক্রম পরিচালনায় গবেষণা, প্রশাসনিক সহায়তা, প্রশিক্ষণ এবং পেশাগত দক্ষতা উন্নয়নের বিষয়গুলোও গুরুত্ব পায়।
বিশেষ করে সংসদীয় কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং সংসদ সদস্যদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে গবেষণা সহায়তার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।
এ উদ্দেশ্যে হাউস অব কমন্স লাইব্রেরি পরিদর্শন করেন সফররত প্রতিনিধিদলের সদস্যরা। সেখানে সংসদ সদস্য ও সংসদীয় কর্মকর্তাদের জন্য গবেষণা এবং তথ্য সরবরাহের কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়।
এ ছাড়া কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) মহাসচিব ও সদর দপ্তরের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন চিফ হুইপ।
বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে সিপিএর বিদ্যমান সহযোগিতা এবং ভবিষ্যতে অভিজ্ঞতা বিনিময় ও সংসদীয় সক্ষমতা বাড়ানোর সুযোগ নিয়ে আলোচনা হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্য সফরের বিভিন্ন কর্মসূচিতে সংসদীয় দক্ষতা, প্রাতিষ্ঠানিক জবাবদিহি এবং দুই দেশের সংসদের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।














মন্তব্যসমূহ