লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুন লেগে সেটি পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে পাশের একটি দোকানের সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার সময় বাসের হেলপার ফজরের নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিলেন। ফিরে এসে তিনি বাসটিতে আগুন জ্বলতে দেখেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে রামগঞ্জ বাসস্ট্যান্ডের রেস্ট হাউসের সামনে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত বাসটির মালিক উপজেলার কাজিরখিল চৌকিদার বাড়ির আমজাদ হোসেন। তিনি জানান, বুধবার রাতে চালক মমিন হোসেন বাসটি রেস্ট হাউসের সামনে পার্কিং করে চলে যান।
বাসের হেলপার হেলাল প্রতিদিনের মতো রাতে বাসটির ভেতরে ঘুমিয়ে ছিলেন। ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য তিনি পাশের মসজিদে যান। নামাজ শেষে ফিরে এসে বাসে আগুন দেখতে পান।
পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাসটি পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের সময় বাসের আগুন পাশের রাজু অটো নামের একটি দোকানেও ছড়িয়ে পড়ে। এতে দোকানটির সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরা পুড়ে যায়।
দোকানটির মালিক ইউছুফ আলী বাবু বলেন, ‘বাসটি এখানে রাখতে নিষেধ করা হয়েছিল। কিন্তু চালক তা শোনেননি।’
এদিকে কীভাবে বাসে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিয়ে তদন্ত চলছে।
রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রেজাউল করীম জানান, সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই বাসটি পুড়ে যায়।
প্রাথমিকভাবে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।














মন্তব্যসমূহ