ন্যূনতম মজুরি নিয়ে অসন্তোষের জেরে গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় মিছিল নিয়ে অবস্থান নেওয়ার চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেয় পুলিশ। এ সময় কিছুক্ষণের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সকাল পৌনে ৯টার দিকে একদল পোশাকশ্রমিক মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় জড়ো হন। একপর্যায়ে তাঁরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিকরা মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন। এ সময় সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
তিনি জানান, ঘটনার কারণে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
এদিকে শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলের কারখানায় নতুন করে ছুটি ঘোষণা করা হয়েছে। কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎ ও আশপাশের কয়েকটি এলাকার কারখানায় বৃহস্পতিবার ছুটি দেওয়া হয়।
এ ছাড়া সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীর চালা ও কেওয়াসহ বিভিন্ন এলাকার বেশ কিছু কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
শ্রমিকদের বিক্ষোভ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় শিল্পাঞ্চলগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
শিল্প পুলিশ জানিয়েছে, শ্রমিকদের অসন্তোষের কারণে যাতে শিল্পাঞ্চলের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত না হয়, সে জন্য পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।














মন্তব্যসমূহ