ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের
গাজীপুরের টঙ্গীতে নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা।রোববার (৯ আগস্ট) বেলা ১১টা থেকে কয়েক হাজার শিক্ষার্থী গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।শিক্ষার্থীরা জানান, শনিবার রাতে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসীন আরাফাত নিহত হয়।ঘটনার পর কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে যান বলে জানান তারা। এ ঘটনার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবিতে রোববার সকালে মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।[BANGVIEWS-POST:3405]বিক্ষোভকারীরা মাদ্রাসার সামনে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান। তাদের দাবি, প্রতিদিন হাজারো শিক্ষার্থী ব্যস্ত মহাসড়ক পারাপার হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।এক শিক্ষার্থী বলেন, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হতে হয়। গতকাল একজন সহপাঠীর মৃত্যু হয়েছে। এ ধরনের দুর্ঘটনা বন্ধ করতে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।