ইউক্রেনের রাজধানী কিইভ ও আশপাশের অঞ্চলে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
সোমবার ভোরে চালানো এ হামলায় আবাসিক ভবনসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কিইভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান তৈমুর তকাচেনকো জানান, শুধু রাজধানী কিইভেই সাতজন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে শহরের কয়েকটি এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি জানান।
কিইভ অঞ্চলের গভর্নর মাইকোলা কালাশনিক জানান, রাজধানীর আশপাশের শহর ও উপশহরগুলোতে আরও একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। তার অভিযোগ, রাশিয়া আবারও বেসামরিক নাগরিক ও অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
কিইভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, শহরের দার্নিটস্কি জেলায় একটি ২৫ তলা আবাসিক ভবনের ওপর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়লে ওপরের তলার বাসিন্দারা আটকা পড়েন। পরে উদ্ধারকারীরা সেখান থেকে ২২ জনকে নিরাপদে সরিয়ে নেন।
তিনি আরও জানান, একই জেলার আরেকটি ৩০ তলা আবাসিক ভবনের ওপরের তলাগুলোতে আগুন ধরে যায়। সেখান থেকেও বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়া হয়।
মেয়রের তথ্য অনুযায়ী, পদিলস্কি জেলায় ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ২১ তলা অ্যাপার্টমেন্ট ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ওবোলোনস্কি জেলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে একটি গুদামঘর ও একটি অনাবাসিক ভবনে আগুন লাগে।
চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে স্থানীয় কর্মকর্তাদের দেওয়া হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি
মন্তব্যসমূহ