ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হলে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ফিরতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় কার্যকরের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। শেখ হাসিনাকে লালগালিচা সংবর্ধনা দিয়ে দেশে ফেরানোর প্রত্যাশাকে অবাস্তব বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।
ইয়াসের খান চৌধুরী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন, তা কার্যকর করা হবে। এ ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হবে।
শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, প্রায় এক হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার দায়ে অভিযুক্ত কাউকে লালগালিচা সংবর্ধনা দিয়ে কিংবা ফুলের পাপড়ি ছিটিয়ে দেশে ফিরিয়ে আনার স্বপ্ন যারা দেখছেন, তাঁরা বোকার স্বর্গে বাস করছেন।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তথ্য প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘের তথ্য অনুযায়ী ওই সময়ে প্রায় এক হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। এসব ঘটনার পর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের আইনকে সবাইকে সম্মান করতে হবে। একইভাবে অন্য দেশগুলোরও সংশ্লিষ্ট দেশের আইন ও বিচারিক ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত।
এরপর ময়মনসিংহ বিভাগের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন ইয়াসের খান চৌধুরী।
তিনি জানান, বিভাগের অবকাঠামোগত উন্নয়নের জন্য তিন হাজার ৮০০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও পরিকল্পনাগত কার্যক্রম চলছে।
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, প্রকল্পটি পরিকল্পনা টিমের প্রাথমিক ধাপ অতিক্রম করেছে। পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করে প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে ময়মনসিংহ বিভাগের প্রতিটি উপজেলায় উন্নয়ন কার্যক্রমের সুফল পৌঁছানো সম্ভব হবে।
ময়মনসিংহের বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রামের সড়ক, সেতুসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের পরিকল্পনার কথাও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘদিন অবহেলিত এলাকার উন্নয়নে কাজ করতে চায় সরকার। শুধু প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না থেকে দৃশ্যমান উন্নয়নের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণ করাই সরকারের লক্ষ্য।
এ সময় ময়মনসিংহের সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
ইয়াসের খান চৌধুরী বলেন, ময়মনসিংহের উন্নয়ন ও সামগ্রিক স্বার্থের প্রশ্নে ব্যক্তিগত বা সাংগঠনিক মতপার্থক্য ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বৃহত্তর স্বার্থে সব পক্ষকে নিয়ে একটি ঐক্যবদ্ধ সাংবাদিক পরিবার গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
সাংবাদিকদের কল্যাণে সরকারের নেওয়া উদ্যোগের কথাও তুলে ধরেন তথ্য প্রতিমন্ত্রী।
তিনি জানান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল ও অসুস্থ সাংবাদিকদের বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়। এ কার্যক্রম সম্প্রসারণে বরাদ্দ ছয় কোটি টাকা থেকে বাড়িয়ে প্রায় ২৫ কোটি টাকা করার উদ্যোগ নিয়েছে সরকার।
বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবটি অনুমোদনের প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানান তিনি। এর আগে গত সেপ্টেম্বরেও সরকার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগের কথা জানিয়েছিল।
সরকারের অন্যান্য জনকল্যাণমূলক কর্মসূচি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।
পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের জন্য সহায়তা কর্মসূচি নেওয়া হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।
রাজধানীর যানজট পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন ইয়াসের খান চৌধুরী।
তাঁর দাবি, ঢাকায় আগে যানবাহনের গড় গতি ঘণ্টায় প্রায় চার কিলোমিটার থাকলেও বর্তমানে তা বেড়ে ১১ থেকে ১২ কিলোমিটারে পৌঁছেছে।
যানজট নিয়ন্ত্রণে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে স্বয়ংক্রিয় ক্যামেরা ও ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। পর্যায়ক্রমে এসব ব্যবস্থা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাধাগ্রস্ত করতে একটি নিষিদ্ধ সংগঠন তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেন তথ্য প্রতিমন্ত্রী।
তাঁর দাবি, অগ্নিসংযোগসহ সহিংস রাজনৈতিক কর্মকাণ্ড ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এসব তৎপরতা প্রতিরোধে সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে তিনি ভবিষ্যতেও গণতান্ত্রিক ব্যবস্থা ও ভোটাধিকার সমুন্নত রাখতে তাঁদের সক্রিয় থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি হামিদুল হক মানিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংসদ সদস্য জাকির হোসেন বাবুল, লুৎফাহিল মাজেদ বাবু, আকতারুজ্জামান বাচ্চু ও কামরুল হাসান মিলন এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, নেত্রকোনা সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি রফিক মুহাম্মদ এবং টাঙ্গাইল জেলা সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা।
এ ছাড়া সাংবাদিক লুৎফুল বারী হামিম, দৈনিক আজকের খবরের সম্পাদক মোশারফ হোসেন, মোহনা টেলিভিশনের হেড অব নিউজ রাশেদুল হক, সাংবাদিক বাদল সরকার, সৌরভ জাহাঙ্গীর, সিরাজুল ইসলাম, সামছুর রহমান শামস ও দেলোয়ার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব গোলাম কিবরিয়া।














মন্তব্যসমূহ