দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বাড়ানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবি বা পাকা সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন করে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।
এর আগে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করা হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। এর আগে এই মানের সোনার দাম ছিল ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা।
একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এই মানের সোনার দাম ছিল ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৪৯ টাকা বাড়িয়ে প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা নির্ধারণ করেছে বাজুস।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) ভালো মানের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছিল। ফলে দুই দিনের ব্যবধানে ২২ ক্যারেট সোনার ভরিতে মোট ৪ হাজার ৭২৪ টাকা বৃদ্ধি পেয়েছে।
দাম বাড়ানোর আগে দেশের বাজারে কয়েক দফায় সোনার মূল্য কমিয়েছিল বাজুস। সেই নিম্নমুখী প্রবণতার পর এখন পরপর দুই দফায় দাম বাড়ানো হলো।
তবে সোনার দাম বাড়লেও রুপার মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।
বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা নির্ধারিত রয়েছে।
এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনা আগের মতোই ১ হাজার ৯২৫ টাকায় বিক্রি হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পাকা সোনার মূল্য পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখেই সোনার গহনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।














মন্তব্যসমূহ