জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আবু সাঈদসহ সব শহিদের স্মরণে ১৬ জুলাইকে ‘শহিদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই দুটি আলোচিত হত্যাকাণ্ড ঘটে। এসব ঘটনা শুধু দেশজুড়ে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপকভাবে আলোচিত হয় এবং ছাত্র-জনতার আন্দোলনকে আরও বেগবান করে।
তিনি বলেন, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহিদ আবু সাঈদের আত্মত্যাগ জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। তার স্মৃতি সংরক্ষণে সেখানে একটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান উপস্থিত থাকার কথা রয়েছে।
একই দিনে চট্টগ্রামের পেকুয়ায় শহিদ ওয়াসিম আকরামের স্মরণেও একটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সেখানে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ২০২৪ সালের ১৫ জুলাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের ওপর হামলা চালানো হয়। বিশেষ করে নারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ছিল অত্যন্ত উদ্বেগজনক। দিনটিকে স্মরণে রাখতে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, প্রদর্শনীর সম্ভাব্য নাম হতে পারে ‘ক্যাম্পাসের ক্ষতচিহ্ন’ অথবা ‘প্রতিরোধের সূচনা’। চারুকলা একাডেমি, জাতীয় জাদুঘরের সামনে কিংবা শাহবাগ স্কয়ারের উন্মুক্ত স্থানে এই প্রদর্শনী আয়োজনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
মন্তব্যসমূহ