রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত জুলাই গণ-অভ্যুত্থানভিত্তিক প্রামাণ্যচিত্র নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, আবু সাঈদের ছবি ছাড়া এ ধরনের প্রামাণ্যচিত্রকে পূর্ণাঙ্গ বলা যায় না।বুধবার (৫ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, প্রদর্শিত প্রামাণ্যচিত্রে বেশ কিছু ত্রুটি রয়েছে। তার ভাষ্য, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম প্রতীক আবু সাঈদের ছবি সেখানে অনুপস্থিত ছিল, যা একটি গুরুত্বপূর্ণ ঘাটতি। তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবিও প্রামাণ্যচিত্রে থাকা উচিত ছিল। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে উল্লেখ করে তিনি বলেন, এরপর বিষয়টি নিয়ে অযথা উত্তেজনা না বাড়িয়ে শান্ত থাকা প্রয়োজন ছিল। সংসদের মতো ওয়াকআউট করাও সমীচীন হয়নি বলে মন্তব্য করেন তিনি।[BANGVIEWS-POST:3191]ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আরও বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশার সরকার এবং সরকারের কোনো ভুল বা সীমাবদ্ধতা থাকলে তা গঠনমূলকভাবে তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, ভুল হলে তা সংশোধনের চেষ্টা করা হবে এবং অতীতের ভুলের পুনরাবৃত্তি এড়াতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।এর আগে একই অনুষ্ঠানে প্রদর্শিত জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক প্রামাণ্যচিত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধারা। তাদের অভিযোগ, প্রামাণ্যচিত্রে আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা, শহীদদের আত্মত্যাগ এবং গণ-অভ্যুত্থানের ইতিহাস যথাযথভাবে তুলে ধরা হয়নি।[BANGVIEWS-POST:3190]প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে মিলনায়তনের বিভিন্ন স্থান থেকে প্রতিবাদ শুরু হয়। উপস্থিত কয়েকজন শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধা দাঁড়িয়ে আপত্তি জানান। একপর্যায়ে পুরো মিলনায়তনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।