ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাগেরহাটে বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ

স্থানীয় সূত্র, পুলিশ ও সংশ্লিষ্ট বিএনপি নেতাদের বরাতে জানা গেছে, বাগেরহাটে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ এবং খুলনা-বাগেরহাট মহাসড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। একই রাতে ফকিরহাটে মিল্কভিটার চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ এবং ভোরে গোপালগঞ্জে গাড়ি আটকে বাগেরহাটের এক বিএনপি নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ধারাবাহিক এসব ঘটনায় জেলাজুড়ে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর ২০২৬) গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কার্তিকদিয়া গ্রামের ঝাউতলায় মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এতে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার, টেবিল, ফ্যান, নেতাকর্মীদের ছবি ও অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়।অন্যদিকে, পরদিন বৃহস্পতিবার সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্রীঘাট এলাকায় গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় তারা পালিয়ে গেলে পুলিশ গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান শিমুল জানান, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা ৭ নম্বর ওয়ার্ড কার্যালয়ে আগুন দিয়েছে এবং শ্রীঘাট এলাকায় সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা করেছে। নেতাকর্মী, পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় তারা পালিয়ে যায় এবং এ ধরনের নাশকতা প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।এদিকে একই রাতে ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের সরকারি মহিলা কলেজসংলগ্ন এলাকায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার রাতেও বাগেরহাট জেলা বিএনপির নেতা হাদিউজ্জামান হীরুর বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল।এ ছাড়া বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে বাগেরহাটে ফেরার পথে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল হক ফরাজীর গাড়িতে হামলার ঘটনা ঘটে। মনিরুলের সফরসঙ্গী শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন অভিযোগ করেন, ঘোনাপাড়া এলাকায় একদল অস্ত্রধারী তাদের প্রাইভেটকারের গতিরোধ করে গাড়ি ভাঙচুর করে এবং টাকা, মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে তাদের মারধর করে। একপর্যায়ে ময়েন ও গাড়িচালক হাসানকে ছেড়ে দিলেও ফরাজীর মোবাইলে প্রধানমন্ত্রী ও দলীয় কর্মকাণ্ডের ছবি দেখে তাকে বিএনপি নেতা হিসেবে শনাক্ত করে জোরপূর্বক তুলে নিয়ে যায় হামলাকারীরা। পরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানানো হয়।বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম জানান, ঘটনার পর থেকেই ফরাজীকে উদ্ধারে দলীয়ভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে এবং প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে।এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, মনিরুল হক ফরাজীকে তুলে নেওয়ার বিষয়টি তিনি গণমাধ্যম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জেনেছেন এবং পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

বাগেরহাটে বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ