ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠান ঘিরে তেহরান মেট্রোতে ৭০ লাখের বেশি যাত্রী ট্রিপ রেকর্ড করা হয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে রোববার সকাল ৭টা পর্যন্ত তেহরান মেট্রো নেটওয়ার্কে ৭০ লাখের বেশি ট্রিপ রেকর্ড হয়। খামেনি ও তাঁর পরিবারের সদস্যদের শেষ বিদায় জানাতে রাজধানীর ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় মানুষের ব্যাপক উপস্থিতির কারণে মেট্রোতে যাত্রীচাপ বেড়ে যায়।
আয়োজকেরা অনুষ্ঠানস্থলে সহজে পৌঁছাতে অংশগ্রহণকারীদের মেট্রো ব্যবহার করার পরামর্শ দেন। এর ফলে তেহরানের বিভিন্ন মেট্রো স্টেশন থেকে মোসাল্লামুখী মানুষের ঢল নামে।
রোববার সকাল ৮টায় তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় আয়াতুল্লাহ খামেনি ও তাঁর পরিবারের সদস্যদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ জাফর সোবহানি। জানাজা শুরুর কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার প্রধান প্রাঙ্গণ মানুষের ভিড়ে পূর্ণ হয়ে যায় বলে তাসনিম জানিয়েছে।
জানাজার নামাজ তিন ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে আয়াতুল্লাহ খামেনির জানাজা আদায় করা হয়। দ্বিতীয় ধাপে তাঁর পরিবারের সদস্য সাইয়্যেদে বুশরা হোসেইনি খামেনি, মেসবাহ আল-হোদা বাকেরি ও জাহরা হাদ্দাদ আদেলের জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে তাঁর নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়েগানির জানাজা আদায় করা হয়।
খামেনির মৃত্যু ঘিরে ইরানে কয়েক দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ও দাফন আনুষ্ঠানিকতা চলছে। তেহরানের পর ঘোষিত কর্মসূচি অনুযায়ী তাঁর মরদেহ ইরান ও ইরাকের কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে নেওয়া হবে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ৩ থেকে ৯ জুলাই পর্যন্ত ইরান ও ইরাকের বিভিন্ন শহরে শোকানুষ্ঠান ও জানাজার কর্মসূচি রয়েছে।
সূত্র: আল জাজিরা
মন্তব্যসমূহ