ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের মধ্যে সাভারের আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে পুলিশের দুটি গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে পুলিশ। চলমান অস্থিরতায় শিল্পাঞ্চলের ৬৫টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় অরুণিমা পোশাক কারখানার সামনে এ সংঘর্ষ ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন বন্ধ থাকার পর গত দুই দিন ধরে অরুণিমা কারখানায় উৎপাদন কার্যক্রম চলছিল। বৃহস্পতিবার সকালে শ্রমিকেরা কারখানায় প্রবেশ করলেও কাজে যোগ দেওয়া থেকে বিরত থাকেন। একপর্যায়ে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।
তবে ছুটি ঘোষণার পরও শ্রমিকদের একটি অংশ কারখানার ভেতরে অবস্থান নিয়ে হৈচৈ করতে থাকেন। খবর পেয়ে পুলিশ, বিজিবি ও ঢাকা জেলা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে। পরে অধিকাংশ শ্রমিক ঘটনাস্থল ছেড়ে যান। তবে কয়েকজন শ্রমিক পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় একজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণার পর শ্রমিকেরা সড়কে জড়ো হন। তাঁদের সরে যেতে বলা হলে একপর্যায়ে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, অরুণিমা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। এরপরও শ্রমিকেরা ভেতরে অবস্থান করছিলেন। পুলিশ ঘটনাস্থলে গেলে ওপর থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়।
তিনি আরও জানান, সংঘর্ষে অন্তর, জুয়েল ও শফিকুল নামের তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অপর একজনের হাত কেটে যাওয়ায় তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সুপারের দেওয়া তথ্য অনুযায়ী, শ্রমিক অসন্তোষের কারণে মোট ৬৫টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবারের সংঘর্ষের ঘটনায় আরও একজনকে আটক করেছে পুলিশ।














মন্তব্যসমূহ