দেশের তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তাঁর দাবি, দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পতিত ফ্যাসিবাদী শক্তি আবারও সক্রিয় হয়ে উঠেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে যখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, তখন তারা সেই পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। দেশের অর্থনীতি ধ্বংস করতে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে’
শামা ওবায়েদের অভিযোগ, দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন স্বাভাবিক অবস্থায় ফিরছে এবং বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করছেন, তখন নতুন করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে।
বিগত সময়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘দেশের মানুষের প্রতি ফ্যাসিস্টদের কোনো দায়বদ্ধতা ও ভালোবাসা নেই। কারণ তারা গত ১৭ বছরে সকল গণতান্ত্রিক, আর্থিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে।’
এ সময় তৈরি পোশাক খাতের শ্রমিকদের পারিশ্রমিক নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে।
সরকার নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়েও কাজ করছে জানিয়ে শামা ওবায়েদ বলেন, ‘মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের চেষ্টা করছে সরকার।’














মন্তব্যসমূহ