২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন আওয়ামী লীগের নেতা হিসেবে দলীয় দায় স্বীকার করেছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তবে ওই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। একই সঙ্গে বয়স বিবেচনায় জামিন চেয়েছেন সাবেক এই মন্ত্রী।
সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মানবতাবিরোধী অপরাধের মামলায় শুনানির সময় নিজের অবস্থান তুলে ধরেন লতিফ সিদ্দিকী।
আদালতে তিনি বলেন, ‘শাপলা চত্বরের ঘটনার সময় আমি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলাম। তৎকালীন দলের নেতা হিসেবে আমি আমার দায় স্বীকার করছি। তবে হত্যাকাণ্ডে আমি জড়িত ছিলাম না। বার্ধক্যের কারণে আমি জামিন চাইছি।’
শুনানির একপর্যায়ে আদালতে হাজির করার পদ্ধতি নিয়েও আপত্তি জানান লতিফ সিদ্দিকী। তাঁর অভিযোগ, আসামিদের জোর করে হেলমেট পরিয়ে আদালতে আনা হচ্ছে এবং তাঁদের নির্যাতন করা হচ্ছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের হেলমেট পরিয়ে জোর করে এখানে আনা হচ্ছে। আমাদের নির্যাতন করা হচ্ছে।’
তবে তাঁর এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল কোনো আদেশ দেননি।
হাতকড়া ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে হাজির ৮ আসামি
এদিন শাপলা চত্বরের ঘটনায় করা মামলায় কারাগারে থাকা ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের সামনে দুপুর ১২টা ৫৫ মিনিটে তাঁদের হাজির করা হয়। পরে বেলা ২টায় শুনানি শুরু হয়।
আট আসামিকে পেছনে হাতকড়া, মাথায় হেলমেট ও শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আনা হয়। তবে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং সাংবাদিক ফারজানা রূপাকে এসব নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই আদালতে হাজির করা হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আদালতে নেওয়ার সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এবং পুলিশের সাবেক উপমহাপরিদর্শক আবদুল জলিল মণ্ডল কিছুটা বাধা দেন। অন্যদিকে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান নীরবে আদালতে প্রবেশ করেন।
হাজির হওয়া অন্য আসামিদের মধ্যে ছিলেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, ডা. আবদুর রাজ্জাক, পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক এবং একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু।
আসামিদের হাজিরাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। সেখানে নিয়মিত পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও দায়িত্ব পালন করেন।
৪১ আসামির বিরুদ্ধে দুটি অভিযোগ
শাপলা চত্বরের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ১১ জন কারাগারে রয়েছেন। বাকি ৩০ জন পলাতক।
গত ১২ নভেম্বর মামলার প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন এবং বিচার শুরুর আবেদন জানান।
মামলার প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরা হয়েছে। এর মধ্যে পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার অভিযোগ রয়েছে।
এসব হত্যাকাণ্ডের ঘটনা এবং আসামিদের সংশ্লিষ্টতার বিষয়গুলো ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।
পরবর্তী শুনানি ২৩ নভেম্বর
সোমবার পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। পরে আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার শুনানি ২৩ নভেম্বর পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।
এদিকে মানবতাবিরোধী অপরাধের পৃথক আরেকটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকেও একই দিন ট্রাইব্যুনালে হাজির করা হয়।
তাঁদের হাতকড়া, হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে আনা হয়।














মন্তব্যসমূহ