ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তিন বছরে বন্ধ হয়েছে চার শতাধিক গার্মেন্টস কারখানা: বাণিজ্যমন্ত্রী

২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তিন বছরে দেশে চার শতাধিক তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. রুহুল আমিনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।বাণিজ্যমন্ত্রী জানান, গত তিন বছরে বিজিএমইএর সদস্যভুক্ত ২৮২টি এবং বিকেএমইএর সদস্যভুক্ত ১২৩টি কারখানা বন্ধ হয়েছে। সব মিলিয়ে বন্ধ হওয়া গার্মেন্টস কারখানার সংখ্যা চার শতাধিক। এসব কারখানার পূর্ণাঙ্গ তালিকা সংগ্রহের কাজ চলছে বলেও জানান তিনি।কারখানা বন্ধ হওয়ার পেছনে বৈশ্বিক ও অভ্যন্তরীণ বিভিন্ন কারণ রয়েছে বলে সংসদে উল্লেখ করেন মন্ত্রী। এর মধ্যে করোনার প্রভাব, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত, আন্তর্জাতিক অর্থনৈতিক মন্দা, দেশের রাজনৈতিক অস্থিরতা এবং ব্যাংকিং খাতে তারল্য সংকট অন্যতম।[BANGVIEWS-POST:5056]এ ছাড়া ইউরোপের সঙ্গে ভারত ও ভিয়েতনামের মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), পাশাপাশি বিদেশি ক্রেতাদের ছোট ও মাঝারি কারখানায় রপ্তানি আদেশ দিতে অনাগ্রহও পোশাক কারখানা বন্ধের অন্যতম কারণ বলে জানান তিনি।তৈরি পোশাক খাতকে টিকিয়ে রাখতে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান ধরে রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। এর মধ্যে রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতে বিকল্প নগদ সহায়তা, ইউরো অঞ্চলে অতিরিক্ত বিশেষ সহায়তা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বাড়তি সুবিধা এবং তৈরি পোশাক খাতে বিশেষ নগদ সহায়তা দেওয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি।এদিকে সংসদে আরেক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও তদারকি করা হচ্ছে। জেলা পর্যায়ের বিশেষ টাস্কফোর্স এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে দেশজুড়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।অতিরিক্ত দাম নেওয়া, মজুতদারি, কৃত্রিম সংকট তৈরি, মূল্যতালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করতে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন সিন্ডিকেট, কার্টেল ও যোগসাজশমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে।দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে এসব কার্যক্রম ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী আরও জোরদার করা হবে বলে জানান তিনি।

তিন বছরে বন্ধ হয়েছে চার শতাধিক গার্মেন্টস কারখানা: বাণিজ্যমন্ত্রী