চিত্রনায়ক হেলাল খানের সঙ্গে প্রকাশ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯টি সংগঠনের সমন্বয়ে গঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন জয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা রয়েছে তাঁর।
একই সঙ্গে সাম্প্রতিক পরিস্থিতি ও নিজের অবস্থান সম্পর্কে গণমাধ্যমের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বলেও জানিয়েছেন এই অভিনেতা।
জয়ের এই সিদ্ধান্তের আগে চলচ্চিত্র অঙ্গনে একটি মানববন্ধনকে কেন্দ্র করে তাঁর সঙ্গে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খানের মতবিরোধ তৈরি হয়।
গত রোববার (১৫ নভেম্বর) বিকেলে দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) গেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও কর্মচারীরা অংশ নেন। তবে সেখানে নির্ধারিত সময়ে উপস্থিত ছিলেন না শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ কয়েকজন সদস্য।
এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন হেলাল খান।
মানববন্ধন শেষে তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির চত্বরে যান। সেখানে জয় চৌধুরীর সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
প্রত্যক্ষদর্শীদের সামনে ক্ষোভ প্রকাশ করে শিল্পী সমিতির সামনে বসে থাকা ব্যক্তিদের উদ্দেশে হেলাল খান বলেন, ‘যারা বসে আছে সবগুলো ফ্যাসিস্ট।’
পরে জয় চৌধুরীকে লক্ষ্য করে তিনি বলেন, ‘চুপ, একদম চুপ। তুই ফ্যাসিস্ট। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’
হেলাল খানের এমন মন্তব্যের পর ঘটনার ব্যাখ্যা দেন জয় চৌধুরী।
জয় জানান, ঘটনার সময় শিল্পী সমিতির সামনে অভিনেতা ডি এ তায়েবের কয়েকজন ভক্ত বসে ছিলেন। জন্মদিনের কেক কাটার উদ্দেশ্যে তাঁরা এফডিসিতে এসেছিলেন। তবে ডি এ তায়েব আসতে দেরি করায় তাঁরা সেখানে অপেক্ষা করছিলেন।
জয়ের দাবি, ওই ব্যক্তিদের উপস্থিতি নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। পাশাপাশি মানববন্ধনে যোগ দিতে তাঁদের কিছুটা দেরি হওয়ায় হেলাল খান ক্ষুব্ধ হন।
এ বিষয়ে জয় বলেন, ‘হেলাল ভাই রাগ করে আমাকে ফ্যাসিস্ট বলেছেন। কারণ, আমি ডি এ তায়েব ভাইকে সাপোর্ট করে কথা বলেছি এবং মানববন্ধনে আমাদের যেতে একটু দেরি হয়েছিল। অথচ তায়েব ভাই নিজেও জানতেন না যে ওই লোকজন কখন কীভাবে এফডিসিতে এসেছে। মূলত ভুল বোঝাবুঝির কারণেই হেলাল ভাই এমন ক্ষোভ প্রকাশ করেছেন।’
ঘটনার পর চলচ্চিত্র অঙ্গনে এই মতবিরোধ নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যেই ১৯টি সংগঠনের আহ্বায়ক কমিটির নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জানান জয় চৌধুরী।
তবে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ থেকেও সরে দাঁড়াচ্ছেন কি না, সে বিষয়ে পাঠানো বার্তায় কোনো তথ্য পাওয়া যায়নি।














মন্তব্যসমূহ