ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর নতুন কমান্ডার হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল আলী আজমায়ি। সাবেক কমান্ডার আলী রেজা তাংসিরির মৃত্যুর পর আনুষ্ঠানিকভাবে তাকে এই পদে নিয়োগ দেওয়া হলো।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ইসনার বরাতে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আলী আজমায়ি এর আগে আইআরজিসি নৌবাহিনীর জ্যেষ্ঠ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তিনি বাহিনীর পঞ্চম নৌ-অঞ্চলের কমান্ডার হিসেবেও দায়িত্বে ছিলেন।
কৌশলগতভাবে এই পঞ্চম নৌ-অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং উপসাগরীয় দ্বীপাঞ্চলের নিরাপত্তা ও টহল কার্যক্রমে এই অঞ্চলের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক আইআরজিসি নৌপ্রধান আলী রেজা তাংসিরি ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর বাহিনীর নেতৃত্বে এই পরিবর্তন আনা হলো। তাংসিরি ২০১৮ সাল থেকে আইআরজিসি নৌবাহিনীর কমান্ডারের দায়িত্বে ছিলেন।
এর আগে ইরানবিরোধী কয়েকটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছিল, আলী আজমায়ি মার্কিন হামলায় নিহত হয়েছেন। তবে পরে সেই দাবি নিশ্চিত করা যায়নি। নতুন কমান্ডার হিসেবে তার আনুষ্ঠানিক নিয়োগের মাধ্যমে ওই গুঞ্জন কার্যত ভিত্তিহীন বলে প্রতীয়মান হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর আজমায়ির নেতৃত্বে আইআরজিসি নৌবাহিনী পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে আরও সক্রিয় ভূমিকা নেবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা, ইরান-ইসরায়েল সংঘাত এবং উপসাগরীয় নিরাপত্তা পরিস্থিতির কারণে এই নিয়োগকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: বর্ণা নিউজ,
মন্তব্যসমূহ