তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইস্তাম্বুলের ভাহদেত্তিন ম্যানশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন।
শনিবার তুরস্ক সফরে যাওয়া পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান এরদোগান। পরে দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও উপস্থিত ছিলেন।
তুর্কি সূত্রের বরাতে জানা যায়, বৈঠকে তুরস্ক-পাকিস্তান সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। দুই দেশ জ্বালানি, পরিবহন, গুরুত্বপূর্ণ খনিজ, তথ্যপ্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তাম্বুলে শাহবাজ শরিফের সঙ্গে যৌথ আয়োজনে এরদোগান মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোর ইচ্ছা ও অবদান ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়।
এরদোগান আরও বলেন, তুরস্ক পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা বাড়াতে চায়। দুই দেশের মধ্যে বাণিজ্য ৫০০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েও আলোচনা হয়েছে।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য, ইরান ইস্যু ও গাজা পরিস্থিতি ঘিরে তুরস্ক ও পাকিস্তানের কূটনৈতিক যোগাযোগ আরও ঘনিষ্ঠ হয়েছে। ইস্তাম্বুলের এই বৈঠককে দুই দেশের সম্পর্ক জোরদারের ধারাবাহিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: রয়টার্স
মন্তব্যসমূহ