দেশে কারিগরি শিক্ষার উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা ও প্রশাসনিক দ্বন্দ্বের অভিযোগ তুলে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এ খাতের সংকট কাটাতে প্রধানমন্ত্রীকে সরাসরি হস্তক্ষেপ করে যুগোপযোগী কারিগরি শিক্ষানীতি প্রণয়নের আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে ‘কারিগরি শিক্ষার সংকট ও ভবিষ্যৎ ভাবনা’ বিষয়ক নোটিশের ওপর আলোচনায় এসব কথা বলেন মনিরুল হক চৌধুরী।
সংসদে তিনি অভিযোগ করেন, দেশের ২৩টি মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হলেও সেগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নেই। ফলে বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ ও ব্যয় হলেও প্রত্যাশিত সুফল পাওয়া যাচ্ছে না।
মনিরুল হক চৌধুরীর বক্তব্য অনুযায়ী, দুই মন্ত্রণালয়ের দ্বন্দ্বের কারণে কারিগরি শিক্ষার উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। আগের সরকারের সময় বিভিন্ন কৌশলে অনেক কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগও করেন তিনি।
কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনের পর অনেক তরুণ কর্মসংস্থানের জন্য ঘুরে বেড়াচ্ছেন। অন্যদিকে কারিগরি শিক্ষা সম্পন্ন করা যুবকদের কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলে দাবি করেন তিনি।
কারিগরি শিক্ষাকে যারা এড়িয়ে চলেন, তাদের ‘জাতির শত্রু’ বলেও মন্তব্য করেন মনিরুল হক চৌধুরী।
দেশের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণব্যবস্থার প্রশাসনিক জটিলতা তুলে ধরে তিনি জানান, ২০১৩ সাল পর্যন্ত নির্দিষ্ট সংখ্যক টেকনোলজিস্ট ও টেকনিশিয়ান তৈরি করা হয়েছিল। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন এবং হাইকোর্টের রায়ের পর স্বাস্থ্যসম্পর্কিত বিষয়গুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চলে যায়।
তার অভিযোগ, শিক্ষা মন্ত্রণালয়ের বাজেটের একটি বড় অংশ বিভিন্ন মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়া হলেও প্রশিক্ষণ কার্যক্রমগুলো কোনো একক ও সমন্বিত কাঠামোর আওতায় পরিচালিত হচ্ছে না।
এ সময় শিক্ষামন্ত্রীও ২৩টি মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে সুসংহত কাঠামোর মধ্যে আনার প্রয়োজনীয়তার কথা স্বীকার করেন। বিষয়টি নিয়ে নিজের একটি গবেষণাপত্র রয়েছে বলেও জানান তিনি।
তবে শিক্ষামন্ত্রীর বক্তব্যে সন্তুষ্ট হতে পারেননি মনিরুল হক চৌধুরী।
তিনি বলেন, মন্ত্রীরা নিয়মিত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পান। তাই এত দিন পর শুধু প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের কথা না বলে সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
নিজের দীর্ঘ রাজনৈতিক ও শিক্ষা আন্দোলনের অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে মনিরুল হক চৌধুরী জানান, ১৯৬২ সাল থেকে শিক্ষা নিয়ে আন্দোলন করে আসছেন তিনি। কিন্তু এত বছর পরও দেশের শিক্ষাব্যবস্থার সমস্যাগুলোর প্রত্যাশিত সমাধান দেখতে পাননি।
শিক্ষাব্যবস্থায় নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে তিনি বলেন, কারিগরি শিক্ষাকে রক্ষা করতে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।
মাদ্রাসাসহ শিক্ষার সব স্তরে কারিগরি শিক্ষার সুযোগ অন্তর্ভুক্ত করার দাবিও জানান এই সংসদ সদস্য।
তার মতে, দেশের প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষিত জনশক্তি তৈরি এবং কারিগরি শিক্ষার ভবিষ্যৎ নিশ্চিত করতে একটি সুনির্দিষ্ট জাতীয় নীতিমালা প্রয়োজন।
এ বিষয়ে প্রধানমন্ত্রীকে সরাসরি উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সংকটের সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ অপরিহার্য।
জবাবে শিক্ষামন্ত্রী জানান, বর্তমান বাজেটে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। খাতটির উন্নয়নে সরকার কাজ করছে এবং বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
বিষয়টি প্রধানমন্ত্রীর অবগতিতে রয়েছে বলেও সংসদে জানান শিক্ষামন্ত্রী।
আলোচনার শেষ পর্যায়ে স্পিকার শিক্ষামন্ত্রীকে কারিগরি শিক্ষার সংকট নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন। একই সঙ্গে আলোচনার অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে অবহিত করতে বলেন তিনি।














মন্তব্যসমূহ