জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সম্প্রতি পদত্যাগ করা সামান্তা শারমিনকে ফোনে গালাগালি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তার দাবি, বরগুনা জেলা ছাত্রলীগের কর্মী পরিচয়ে সবুজ খান নামের এক ব্যক্তি তাকে ফোন করে হুমকি দিয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি প্রকাশ করেন সামান্তা শারমিন।
পোস্টে তিনি জানান, একই দিন দুপুর ১২টা ২৭ মিনিটে তার কাছে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে তাকে কিছুদিনের মধ্যে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তাকে অকথ্য ভাষায় গালাগালিও করা হয় বলে অভিযোগ করেন তিনি।
সামান্তা শারমিনের দাবি, হুমকিদাতা নিজের নাম সবুজ খান বলে পরিচয় দেন এবং বরগুনা জেলা ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দেন। তবে ছাত্রলীগে ওই ব্যক্তির কোনো সাংগঠনিক পদ রয়েছে কি না, তা জানা যায়নি।
এ ঘটনার প্রতিক্রিয়ায় নিজের ফেসবুক পোস্টে সামান্তা শারমিন বলেন, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না।
সামান্তা শারমিন ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিষ্ঠিত হলে তিনি দলটির জ্যেষ্ঠ আহ্বায়কের দায়িত্ব পান।
সর্বশেষ এনসিপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করা সামান্তা শারমিন গত ৫ নভেম্বর দলটি থেকে পদত্যাগ করেন। পদত্যাগের ১০ দিনের মাথায় এবার তিনি ফোনে হুমকি ও গালাগালির শিকার হওয়ার অভিযোগ তুললেন।














মন্তব্যসমূহ