রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও শুনানি শেষে চার দিনের অনুমতি দেওয়া হয়।
রবিবার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এ আদেশ দেন।
পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া জানান, রাষ্ট্রদ্রোহ মামলায় জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার রাতে চট্টগ্রামের অফিসার্স মেস থেকে পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নগরের পাঁচলাইশ থানায় মামলাটি করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী।
মামলার অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর গত মঙ্গলবার জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ওই সময় তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করা হয়। পরে ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।














মন্তব্যসমূহ