সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার পৈতৃক বাড়িতে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনার নেপথ্যে জমি দখল ও স্থানীয় এক দরিদ্র ব্যক্তিকে ফাঁসানোর চেষ্টার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এই ঘটনার জেরে উল্টো নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে এমপি নুসরাত তাবাসসুম দাবি করেছিলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে তাঁর নিজ বাড়িতে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে হামলা চালিয়েছে। সে সময় এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে ঘটনার প্রকৃত প্রেক্ষাপট তুলে ধরে মো. রাশেদ খাঁন জানান, গত ১২ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এমপি নুসরাত তাবাসসুম দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করে বলেন, তাঁর বাড়ির আশপাশে আওয়ামী লীগের লোকজনের আনাগোনা ও ‘জয় বাংলা’ স্লোগান শোনা যাচ্ছে এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। খবর পেয়েই দৌলতপুর থানার ওসি ও তদন্ত কর্মকর্তা (আইও) সোহানুর রহমান পুলিশ দল নিয়ে নুসরাতের বাড়িতে যান। কিন্তু পুলিশ আশপাশের বাসিন্দাদের কাছ থেকে খোঁজ নিয়ে আওয়ামী লীগের লোকজনের আনাগোনা বা স্লোগান দেওয়ার কোনো সত্যতা খুঁজে পায়নি।
রাশেদ খাঁন উল্লেখ করেন, সে সময় নুসরাত তাবাসসুম পুলিশকে জানান যে, স্থানীয় বাসিন্দা মো. ইদ্রিস আলীকে তাঁর সন্দেহ হয় এবং তাঁকে গ্রেপ্তার করলে অনেক তথ্য পাওয়া যেতে পারে। পুলিশ বিষয়টি নোট করে ইদ্রিস আলী সম্পর্কে তথ্য সংগ্রহ শুরু করে। তবে পুলিশের তথ্য সংগ্রহের বিষয়টি জানতে পেরে অতীতের মতো আবারও মিথ্যা মামলায় ফাঁসানো হতে পারে—এমন আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন দরিদ্র ইদ্রিস আলী। এর প্রেক্ষিতে তিনি অতীতে তাঁর বাড়িঘর ভাঙচুর ও জমি দখলের ঘটনায় ন্যায়বিচার পেতে শনিবার (১৪ নভেম্বর) সকালে দৌলতপুর থানায় নুসরাত তাবাসসুমের বাবা মো. আবদুল হালিমকে বিবাদী করে মামলা দায়ের করেন।
ভুক্তভোগী মো. ইদ্রিস আলীর সঙ্গে অতীতে কী ঘটেছিল তা বর্ণনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী জানান, দরিদ্র ইদ্রিস আলী প্রায় পাঁচ বছর আগে নুসরাতের বাবা আবদুল হালিমের আপন দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কিনে (যা নুসরাতের পৈতৃক বাড়ির লাগোয়া) সেখানে বসতভিটা নির্মাণ করে বসবাস শুরু করেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর আবদুল হালিম জমিটি দখল করতে ইদ্রিস আলীর বসতভিটায় হামলা চালিয়ে বাড়িঘর তছনছ করেন এবং উল্টো ইদ্রিস আলীর বিরুদ্ধে মামলা দিয়ে তাঁকে জেল খাটান।
অভিযোগে আরও বলা হয়, সে সময় মেয়ে নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে আবদুল হালিম ভুক্তভোগী ইদ্রিস আলীকে হুমকি দেন যে, এ নিয়ে বাড়াবাড়ি করলে তাঁকে অস্ত্র মামলা দিয়ে জেলে পাঠানো হবে। প্রাণের ভয়ে ইদ্রিস আলী এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নিলে আবদুল হালিম জমিটি দখল করে নেন। বসতভিটা হারিয়ে নিরীহ ইদ্রিস আলী পরবর্তীতে স্ট্রোক করেন এবং বর্তমানে অসুস্থ ও অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। এমতাবস্থায় নুসরাতের বাড়িতে আগুন লাগার পর পুনরায় ফাঁসানোর আশঙ্কা থেকে তিনি আইনের আশ্রয় নিয়েছেন।














মন্তব্যসমূহ