সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে পরামর্শের ভিত্তিতে প্রকৃত সাংবাদিকদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সাংবাদিক সংগঠনগুলোর কাছ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব চাওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদ অধিবেশনে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের উত্থাপিত এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
সংসদে প্রশ্ন উত্থাপন করে জয়নুল আবদিন ফারুক বলেন, দেশের উপজেলা, পৌরসভা ও জেলা পর্যায়ে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্যের কারণে প্রকৃত সাংবাদিকদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। কেবল একটি স্মার্টফোন ব্যবহার করেই অনেকে নিজেদের সাংবাদিক পরিচয় দিচ্ছেন, যাঁদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাও নেই। তাঁরা ভুয়া পরিচয়পত্র তৈরি করে বিভিন্নভাবে সাধারণ মানুষ ও সরকারেরও ক্ষতি করছেন। এ বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চান তিনি।
জবাবে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ভুয়া সাংবাদিকতার এ সমস্যায় শুধু সংসদ সদস্যরাই নন, সাধারণ মানুষসহ বিভিন্ন পেশার মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ সমস্যা সমাধানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ওকাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে নিয়মিত আলোচনা ও পরামর্শ নেওয়া হচ্ছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, “এসব সংগঠনের সঙ্গে পরামর্শের ভিত্তিতে প্রকৃত সাংবাদিকদের একটি তালিকা তৈরির পরিকল্পনা রয়েছে। কারা সাংবাদিক হবেন, সে বিষয়ে সাংবাদিকদের সংগঠনগুলো প্রস্তাব দিলে তা ভালো হবে বলে আমরা মনে করি। কারণ, কে কোন পেশায় যাবেন এবং কীভাবে বক্তব্য উপস্থাপন করবেন, তা সরকার নির্ধারণ করে দেওয়া সমীচীন নয়।”
সরকারের অবস্থানের কথা স্পষ্ট করে ইয়াসের খান চৌধুরী আরও বলেন, “আমরা বাক্স্বাধীনতায় বিশ্বাস করি। তবে সর্বত্র বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য প্রচার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”














মন্তব্যসমূহ