দীর্ঘদিনের দাবির পর ফেনী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস। এর ফলে ফেনী থেকে সরাসরি কক্সবাজারে ট্রেনে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে নতুন এই সুবিধার প্রথম দিনেই নির্ধারিত সময়ের এক ঘণ্টা চার মিনিট পর স্টেশন ছেড়েছে ট্রেনটি। প্রথম যাত্রায় ফেনী থেকে কক্সবাজারের উদ্দেশে উঠেছেন ৪৭ জন যাত্রী।
সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে ফেনী স্টেশনে আনুষ্ঠানিকভাবে মহানগর এক্সপ্রেসের যাত্রাবিরতি চালু করা হয়। এ উপলক্ষে ঢাকা থেকে ট্রেনে ফেনীতে আসেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। স্টেশনে পৌঁছে তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন। এ সময় ফুল দিয়ে তাঁদের স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু এবং রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেনী রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে মহানগর এক্সপ্রেস। সূচি অনুযায়ী, রাত ১টা ৪ মিনিটে ফেনী পৌঁছে দুই মিনিট বিরতির পর রাত ১টা ৬ মিনিটে ট্রেনটির ছেড়ে যাওয়ার কথা ছিল।
তবে ট্রেনটি নির্ধারিত সময়ের ৫১ মিনিট পর, রাত ১টা ৫৫ মিনিটে ফেনী স্টেশনে পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে রাত ২টা ১০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করে। ফলে নির্ধারিত ছাড়ার সময়ের তুলনায় ট্রেনটির বিলম্ব হয় ৬৪ মিনিট।
ফেনী স্টেশনে মহানগর এক্সপ্রেসে যাতায়াতের জন্য মোট ৬২টি আসন বরাদ্দ রয়েছে। এর মধ্যে কক্সবাজারগামী যাত্রীদের জন্য ৪৭টি এবং চট্টগ্রামগামীদের জন্য ১৫টি আসন রাখা হয়েছে। কক্সবাজারের যাত্রীদের জন্য বরাদ্দ আসনের মধ্যে দুটি এসি বার্থ, ১৫টি স্নিগ্ধা ও ৩০টি শোভন চেয়ার রয়েছে।
১৮টি কোচ নিয়ে চলাচলকারী ট্রেনটির লোকোমোটিভ নম্বর ৩০২৯। এতে লোকোমাস্টার হিসেবে মো. জাহিদুল ইসলাম মিয়া, সহকারী লোকোমাস্টার হিসেবে শাহ আলম এবং গার্ড হিসেবে ইমরুল কায়েস দায়িত্ব পালন করছেন।
এর আগে ঢাকা থেকে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের ফেনী স্টেশনে যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় যাত্রীরা। মহানগর এক্সপ্রেসের নতুন যাত্রাবিরতি সেই দাবির আংশিক বাস্তবায়ন। তবে কক্সবাজারগামী যাত্রীদের জন্য আসনসংখ্যা ৪৭টিতে সীমিত থাকায় স্থানীয়দের চাহিদা কতটা পূরণ হবে, তা নিয়ে সংশয় রয়েছে।
ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. হারুন জানান, মহানগর এক্সপ্রেস ফেনীতে যাত্রাবিরতি দিয়ে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে গেছে। প্রথম দিন ট্রেনটিতে ফেনী থেকে কক্সবাজারগামী ৪৭ জন যাত্রী ছিলেন। নতুন যাত্রাবিরতি চালুর আনুষ্ঠানিকতার কারণে ট্রেনটি নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা দেরিতে ছেড়েছে বলেও জানান তিনি।
মন্তব্যসমূহ