যুক্তরাষ্ট্রের অতীতের নির্বাচন এবং ২০২৬ সালের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ভোটার জালিয়াতির তথ্য দিতে পারলে ১০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই অর্থ পেতে হলে তথ্যের ভিত্তিতে জালিয়াতিতে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দণ্ড নিশ্চিত হতে হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, ‘অতীতের নির্বাচন বা আসন্ন ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে যেকোনো ভোটার জালিয়াতির তথ্য প্রদানকারীকে ১০ লাখ ডলার প্রদান করা হবে, যদি তা জালিয়াতি সৃষ্টকারীদের গ্রেপ্তার ও সাজা নিশ্চিত করতে সহায়তা করে!’
যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে ভোটারদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন রাজনৈতিক দলের হাতে থাকবে।
নির্বাচনের আগে ভোটের স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে দেশটির রাজনীতিতে বিতর্ক চলছে। এমন পরিস্থিতিতে অতীতের নির্বাচনসহ আসন্ন মধ্যবর্তী নির্বাচনেও কথিত ভোটার জালিয়াতির তথ্য সংগ্রহে আর্থিক পুরস্কারের ঘোষণা দিলেন ট্রাম্প।
তবে পুরস্কার পাওয়ার জন্য তথ্য জমা দেওয়ার নির্দিষ্ট পদ্ধতি, তথ্য যাচাইয়ের প্রক্রিয়া কিংবা অর্থ প্রদানের বিস্তারিত শর্ত সম্পর্কে প্রতিবেদনে অতিরিক্ত কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
সূত্র : আনাদোলু এজেন্সি
মন্তব্যসমূহ