ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ব্যালট পেপার ছিনতাই

- আপডেট: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 13
ভোলায় একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের পর ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার সময় ভোট দিতে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রায় দেড় ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আলীনগর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের নারী ভোটকক্ষে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা মো. ওমর ফারুক জানান, সকাল থেকে ভোটগ্রহণ স্বাভাবিকভাবেই চলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে স্কুল গেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর ৬০-৭০ জনের একটি দল হঠাৎ নারী ভোটকক্ষে ঢুকে পড়ে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার পাশাপাশি কিছু ব্যালটে সিল মেরে দেয় বলে তিনি দাবি করেন।
প্রিসাইডিং কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা ব্যালট পেপার ফেলে পালিয়ে যায়। পরে যাচাই-বাছাই করে ৭৬টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়। এসব ব্যালটে এলোমেলোভাবে সিল দেওয়া ছিল বলে জানান তিনি। এছাড়া ৫৬টি ব্যালট পেপার ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর দুপুর ৩টার দিকে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান বলেন, “সকাল থেকে অন্যান্য কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছিল। ওই কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের চেষ্টা হয়েছে। ৭৬টি ব্যালট বাতিল করা হয়েছে এবং কিছু ব্যালট ছিনতাই হয়েছে।” বর্তমানে পরিস্থিতি শান্ত আছে বলেও জানান তিনি।
ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।




























