অগ্রিম স্বাক্ষর কাণ্ড: ফলাফলের তালিকা নিয়ে বিতর্ক প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

- আপডেট: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 17
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক) আসনে একটি ভোটকেন্দ্রে ফলাফলের তালিকায় আগাম স্বাক্ষর নেওয়ার অভিযোগ ওঠার পর প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলমকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার জেরে কেন্দ্র এলাকায় কিছু সময় উত্তেজনা তৈরি হয় এবং সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উত্তর সাতকানিয়ার আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অভিযোগ ওঠার পরপরই সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সহকারী রিটার্নিং কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান কেন্দ্রে এসে প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। এরপর দুপুর দেড়টার দিকে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।
প্রত্যাহার হওয়া প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলম বলেন, ভোট শেষে ফলাফলের কাগজপত্র প্রস্তুত করতে গিয়ে প্রায়ই জটিলতা হয়। সেই অভিজ্ঞতা থেকেই তিনি আগেভাগে স্বাক্ষর নিয়েছিলেন। তবে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না বলে দাবি করেন তিনি।
অন্যদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, ফলাফলের তালিকায় আগাম স্বাক্ষর নেওয়া নির্বাচন পরিচালনার বিধি-শৃঙ্খলার পরিপন্থী। এ ঘটনার কারণেই কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে তার দাবি।
ঘটনা নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।



























