ভোট নিয়ে বিভ্রান্ত করা হলে ফল মেনে নেয়া হবে না: তারেক রহমান

- আপডেট: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 7
তারেক রহমান বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন যদি নিরপেক্ষ, সুষ্ঠু ও বিতর্কহীনভাবে অনুষ্ঠিত হয়, তাহলে ফলাফল মেনে নিতে বিএনপির কোনো আপত্তি থাকবে না। তবে নির্বাচনকে অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে এবং ভোটকে ঘিরে কোনো ধরনের বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেই ফল মেনে নেওয়া হবে না বলেও স্পষ্ট করেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান। এর আগে গুলশান মডেল স্কুলে নিজের ভোটাধিকার প্রয়োগ করে রাজধানীর কয়েকটি এলাকা পরিদর্শন করেন তিনি। পরে গুলশানে তার কার্যালয়ের সামনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
তারেক রহমান বলেন, “নির্বাচন যদি নিরপেক্ষ হয়, সুষ্ঠু হয় এবং বিতর্কহীন হয়, তাহলে ফলাফল কেন মেনে নেব না? সব দলই মেনে নেবে। তবে একটি শর্ত আছে—নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে। আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে—এ ধরনের বিষয় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, দেশের মালিক সাধারণ জনগণ। তারা যদি স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেন এবং ভোটের হার বাড়ে, তাহলে যে কোনো ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন।
সারাদেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদের বিষয়ে জনগণের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হবে। তার ভাষ্য, “এসব ভালো ঘটনা নয়। বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।”
ভোটের ফল গণনায় দেরির আশঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ফল গণনায় দেরির কোনো কারণ নেই। জনগণ দ্রুত ফলাফল প্রত্যাশা করে। নির্বাচন কমিশন নির্ধারিত সময়সীমার মধ্যেই ফল প্রকাশ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় ঢাকায় ভোটার উপস্থিতি সন্তোষজনক বলেও মন্তব্য করেন তারেক রহমান।



























