ভোট দিলেন শিশির মনির, শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা

- আপডেট: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 9
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির নিজ এলাকায় ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে শাল্লা উপজেলার দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি ভোট দেন।
ভোট দেওয়ার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন শিশির মনির। তিনি জানান, নির্বাচনী এলাকায় সাধারণ ভোটাররা পুরো সময় যেভাবে পাশে ছিলেন, দিন শেষে তাদের প্রত্যাশাই পূরণ হবে বলে তিনি আশাবাদী। একই সঙ্গে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে ওই কেন্দ্রসহ আশপাশের কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
উল্লেখ্য, দিরাই-শাল্লা আসনে এবারের নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন হলে ফলাফল ঘোষণা করা হবে।




























