সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা জামায়াত আমিরের

- আপডেট: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 9
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন পর্যন্ত সশস্ত্র বাহিনী যে দায়িত্ব পালন করছে, তাতে তারা সন্তুষ্ট।
সংবাদ সম্মেলনে জামায়াত আমির বলেন, “আমাদের সশস্ত্র বাহিনীর যে ভূমিকা আমরা দেখছি, তাদেরকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই। যেখানেই সমস্যা হয়েছে, জানানো মাত্রই দ্রুত ব্যবস্থা নিয়েছে।” ভোটগ্রহণ শেষ হওয়ার পর ফলাফল ঘোষণা পর্যন্ত একই ধরনের তৎপরতা বজায় থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।
তবে একই সঙ্গে বিভিন্ন অনিয়ম ও সহিংসতার অভিযোগও তোলেন তিনি। ডা. শফিকুর রহমানের দাবি, মিরপুরের একটি কেন্দ্রে বিরোধী প্রার্থীর সমর্থকদের হাতে তার সমর্থকেরা হামলার শিকার হয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে কেন্দ্র দখলের অভিযোগও এসেছে বলে জানান তিনি। এক জায়গায় তাদের এক প্রার্থীর ওপরও হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। এসব ঘটনা নিয়ন্ত্রণে না এলে ভোটকে সুষ্ঠু বলা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, “যে চেতনার প্রতি সম্মান রেখে দেশে জুলাই নেমে এসেছিল, সেই চেতনার বিজয় হবে আজকের নির্বাচনে।” পাশাপাশি তিনি দাবি করেন, ফ্যাসিবাদবিরোধী আত্মদানের যে ধারাবাহিকতা, আজকের নির্বাচন তারই এক সম্মিলিত ফল।
এদিকে সারা দেশে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে। নির্বাচন কমিশনের তথ্যমতে, ২৯৯টি আসনে ভোট গ্রহণ হচ্ছে। দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে মোট ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ রাখা হয়েছে। এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে এবং প্রার্থী রয়েছেন ২ হাজার ২৮ জন। ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন; এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর ঘটনায় শেরপুর-৩ আসনে ভোট স্থগিত থাকায় ওই আসনে নির্বাচন হচ্ছে না।
ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।


























