ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৮

- আপডেট: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 13
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জামায়াতে ইসলামী ও বিএনপির কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পক্ষীয় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খতীরবা বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ভোট দিতে ইব্রাহিম নামের এক ব্যক্তি ও তাঁর পরিবার নিজ গ্রাম বোরহানউদ্দিনে আসেন। সকালে বাড়িতে ভোটকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতের দিকে ফের বাকবিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
স্থানীয়রা জানান, সংঘর্ষের সময় উভয়পক্ষ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে একে অপরের দিকে তেড়ে যায়। এ সময় ধানের শীষ প্রতীকের পক্ষের নুর ইসলামের ছেলে কিবাকে মুস্তাফিজের ছেলে হাসান কুপিয়ে আহত করে বলে অভিযোগ উঠেছে। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তবে স্থানীয়দের দাবি, মোট আহতের সংখ্যা আটজনের মতো।
খবর পেয়ে বোরহানউদ্দিন থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি রয়েছে এবং থমথমে অবস্থা বিরাজ করছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ আনুষ্ঠানিক অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে দিনভর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিচ্ছিন্ন মারধরের ঘটনাও ঘটেছে, যা নিয়ে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।























