রায় শুনেই জ্ঞান হারালেন সাবেক এসআই আবদুল মালেক

- আপডেট: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 23
জুলাই গণঅভ্যুত্থান ঘিরে আশুলিয়ায় ছয়টি মরদেহ পুড়িয়ে ফেলা এবং মোট সাতজন হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এসআই আবদুল মালেককে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পরপরই অসুস্থ হয়ে পড়ে আদালত প্রাঙ্গণেই জ্ঞান হারান তিনি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রায় ঘোষণার পর এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রায় শোনার পর আবদুল মালেক কান্নাভেজা কণ্ঠে অভিযোগ করেন, ‘মিথ্যা মামলা কেন দিল?’ এবং বলতে থাকেন, ‘আল্লাহ বিচার করবে।’ এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
ট্রাইব্যুনাল দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে রায় পাঠ শুরু করে। রায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। পাশাপাশি চিফ প্রসিকিউশনের সরবরাহ করা লিংক থেকেও লাইভ দেখানো হয়।
এদিন মামলার ১৬ আসামির মধ্যে আটজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাদের আদালতে আনা হয়। হাজির হওয়া আসামিরা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, তৎকালীন ডিবি পরিদর্শক আরাফাত হোসেন, সাবেক এসআই আবদুল মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আবজালুল হক এবং কনস্টেবল মুকুল।






























